বেকারত্ব দূরীকরণে কাঁঠালিয়ায় শুভসংঘের আলোচনা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, প্রয়োজনীয় দক্ষতার অভাব এবং সীমিত কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের কারিগরি শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে ‘তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব মোকাবিলার উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের (বরিশাল অঞ্চল) কো-অর্ডিনেটর ও প্রবীণ সাংবাদিক ফারুক হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— সমাজসেবক মো. রফিকুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সোহাগ হাওলাদার, সাংবাদিক শাহজামাল, মাহবুব পরাণ, মামুন হোসেন, ইউপি সদস্য শাহীন খান, অঞ্জন শীল এবং শুভসংঘের উপদেষ্টা আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার।
আলোচনা সভায় বক্তারা প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক বিকল্প আয়ের পথ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা, যোগাযোগদক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তরুণদের কর্মজীবনে প্রবেশের সুযোগ অনেক বাড়িয়ে দেয়।