পাথরঘাটায় শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বানে বরগুনার পাথরঘাটায় র্যালি ও আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে পাথরঘাটা গোলচত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান।
প্রধান অতিথি ডা. মেহেদী হাসান ডেঙ্গু প্রতিরোধে শুভসংঘের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সমাজসেবক এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মির্জা শহিদুল ইসলাম খালেদ ও উন্নয়নকর্মী মনিরুজ্জামান মনির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া দীর্ঘদিন ধরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট থাকায়, চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন করতে দ্রুত জনবল পূরণের জোর দাবি জানান বক্তারা।