গাজীপুরে মাদক প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম
গাজীপুরে মাদকবিরোধী আলোচনা সভায় শুভসংঘের সদস্যরা।
মাদকাসক্তির ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরের শহীদ ক্যাডেট একাডেমিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মাদকাসক্তি: ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর এর প্রভাব এবং প্রতিরোধে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শহীদুল ইসলাম শহীদ। বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদক তানজিনা আক্তার জেরিন।
বক্তারা বলেন, মাদকাসক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাও নষ্ট করে। এর প্রভাব পড়ে পরিবারেও। তাই এটি শুধু ব্যক্তিগত নয়, সামাজিক সমস্যা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা, পারিবারিক সহযোগিতা ও সামাজিক উদ্যোগ দরকার। কৈশোর থেকেই মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে।
শুভসংঘের সদস্য বনলতা বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে চলবে না; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ। বিশেষ করে কৈশোর ও তারুণ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক ধারণা তৈরি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করা জরুরি।’
সংগঠনটির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয় বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে মাদকবিরোধী প্রতিরোধ আরও শক্তিশালী হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।