EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নতুন অতিথির আগমনে গাছের চারা, সবুজ পৃথিবীর স্বপ্ন

নবজাতকের পরিবারের সদস্যদের হাতে চারা তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম

নতুন অতিথির আগমনে গাছের চারা, সবুজ পৃথিবীর স্বপ্ন
অ অ

নতুন প্রাণের আগমনে একটি পরিবারজুড়ে আনন্দ আর ভালোবাসার আবহ। সেই আনন্দকে পরিবেশ সংরক্ষণের বার্তার সঙ্গে যুক্ত করেছে বসুন্ধরা শুভসংঘের জামালপুর জেলা শাখা। নবজাতকের আগমন উপলক্ষে পরিবারের হাতে ফুল কিংবা খেলনা নয়, তুলে দেওয়া হয়েছে গাছের চারা। নতুন প্রাণের সঙ্গে বেড়ে উঠুক একটি গাছ, সবুজে ভরে উঠুক পৃথিবী—এমন প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) জামালপুরের শাহ্ জামাল জেনারেল হাসপাতালে নবজাতকের পরিবারের সদস্যদের হাতে এসব চারা তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। হাসপাতালটিতে সদ্য জন্ম নেওয়া ১০ শিশুর পরিবারের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

নবজাতকের আগমন যেমন একটি পরিবারের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে, তেমনি একটি চারা রোপণও হতে পারে নতুন আশার প্রতীক। শিশুটি যখন ধীরে ধীরে বেড়ে উঠবে, তার সঙ্গে বেড়ে উঠতে পারে উপহার পাওয়া গাছটিও। সময়ের সঙ্গে সেই গাছ ছায়া দেবে, বাতাস নির্মল রাখতে ভূমিকা রাখবে এবং হয়ে উঠবে শিশুটির বেড়ে ওঠার স্মৃতির অংশ।

সাধারণত নবজাতকের জন্ম উপলক্ষে স্বজনেরা পোশাক, খেলনা কিংবা প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন। তবে গাছের চারা উপহার দেওয়ার এ উদ্যোগে রয়েছে ভিন্ন তাৎপর্য। এর মাধ্যমে একটি পরিবারের আনন্দের মুহূর্তকে পরিবেশ সংরক্ষণের বার্তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে সংগঠনটি।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি চারা আজ ছোট হলেও যথাযথ পরিচর্যায় একদিন তা বড় গাছে পরিণত হতে পারে। তেমনি ছোট ছোট উদ্যোগ থেকেই তৈরি হতে পারে পরিবেশবান্ধব সমাজ গড়ার বড় সম্ভাবনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী, উপদেষ্টা ও কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, সহসভাপতি সাকিফ ভূঁইয়া কৌশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তি আমিন ইভা, সাংগঠনিক সম্পাদক উমর ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আরও পড়ুন