ডামুড্যায় জাটকা সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক প্রচার
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণে জাটকা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডামুড্যায় সচেতনতামূলক প্রচার চালিয়েছে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখা। এ সময় জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রবিবার (২৫ অক্টোবর) ডামুড্যা উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বসুন্ধরা শুভসংঘের ব্যানারে সংগঠনের সদস্যরা অংশ নেন। তাঁরা সাধারণ মানুষের হাতে জাটকা সংরক্ষণবিষয়ক লিফলেট তুলে দেন। পাশাপাশি ছোট ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, ডামুড্যা উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, শুভসংঘ ডামুড্যা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তারেক বেপারী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কালাম সরদার, সাংবাদিক আবু আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, আর এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। জাটকা বড় হওয়ার সুযোগ পেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে। জাটকা আহরণ, বিক্রি ও ক্রয় থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, জেলেদের পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।