সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন উপহার দিল বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: ডেইলি সান
গাইবান্ধার সাদুল্লাপুরে কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে নূরে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘের সাদুল্লাপুর উপজেলা শাখা।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার পঁচার বাজারে অবস্থিত মাদ্রাসাটিতে এ উপহার কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কুরআন অধ্যয়নে আগ্রহী করে তোলা, ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কুরআনের শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা কুরআন অধ্যয়নে আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
বসুন্ধরা শুভসংঘের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক (শাওন) বলেন, ‘পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এর শিক্ষা জীবনে ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে শুভসংঘের এই ক্ষুদ্র উদ্যোগ।ভবিষ্যতেও শুভসংঘের এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েতের আলো। শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কুরআন শরীফ উপহার দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। পাশাপাশি কুরআন শেখা ও এর শিক্ষা জীবনে বাস্তবায়নের প্রতিও তাদের আগ্রহ বাড়বে। এ মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
ধর্মীয় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের কুরআন অধ্যয়নে উৎসাহিত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
