বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রমজানের সেলুনে লাইব্রেরি
ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: ডেইলি সান
অভাবের কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি রমজান আলীর। পেশায় নরসুন্দর হলেও বইয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল বরাবরই। নিজের সেলুনে বই সাজিয়ে রাখার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ। লালমনিরহাটের কালীগঞ্জে তাঁর সেলুনে গড়ে তোলা হয়েছে লাইব্রেরি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে রমজান আলীর সেলুনে প্রায় দেড় শতাধিক বই নিয়ে যাত্রা শুরু করেছে সেলুন লাইব্রেরি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফিতা কেটে এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ-এর লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, লালমনিরহাট শুভসংঘের উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক নাঈম ইসলামসহ সংগঠনের সদস্যরা।
রমজান আলী বলেন, অভাবের কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি। তবে বই পড়তে ভালোবাসেন তিনি। নিজের কর্মস্থল লাইব্রেরিতে পরিণত হওয়ায় এখন নিজে পড়ার পাশাপাশি সেলুনে আসা গ্রাহকরাও অপেক্ষার সময় বই পড়ে কাটাতে পারবেন।
ইমদাদুল হক মিলন জানান, সেলুন লাইব্রেরিটিকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করা হবে।
কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার পরিদর্শন
দুপুরে কালীগঞ্জের কাকিনা বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসংলগ্ন কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন ইমদাদুল হক মিলন। এ সময় স্থানীয়রা কবির স্মৃতি সংরক্ষণ ও জ্ঞানচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাঠাগারটি পুনরায় চালুর বিষয়ে তাঁর সহায়তা চান। জবাবে তিনি পাঠাগারটি নতুন করে চালুর জন্য সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।
সারপুকুর যুব ফোরাম পাঠাগারে সাহিত্য কর্নার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগারে স্থাপিত ইমদাদুল হক মিলন সাহিত্য কর্নার উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে পাঠ প্রতিক্রিয়া, আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি জামাল হোসেন, উপদেষ্টা সুনীল কুমার সূত্রধর, আব্দুল বাতেন ও ডা. হেমন্ত কুমার রায় উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা
এদিকে, শুক্রবার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ইমদাদুল হক মিলনকে সম্মাননা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালমনিরহাট জেলা সাহিত্য-সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সরমিন হক বিথি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম। এ সময় সাংবাদিকতা ও লেখালেখির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইমদাদুল হক মিলন। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।