বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা সহজ করা এবং স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, আলোর পথে রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক এবং রেড ক্রিসেন্টের ব্লাড বিভাগের প্রধান শাহানাজ আক্তার।
ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্ব পালন করেন আবুবকর সিদ্দিক ও শাহানাজ আক্তার।
বক্তারা বলেন, দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হতে পারে। আগে থেকে নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি সময়ে প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে পেতে এবং দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের মধ্যে যোগাযোগ তৈরিতেও এ ধরনের উদ্যোগ সহায়ক।
বিশেষ অতিথি শেখ জাকির হোসেন বলেন, বাগেরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রক্ত ও রক্তের উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। ডেঙ্গুতে আক্রান্ত কিছু রোগীর ক্ষেত্রে প্লাটিলেট কমে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের রক্তের উপাদান দেওয়ার প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ মানুষের সচেতনতা বাড়াতে সহায়তা করবে।
বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদার বলেন, এ কর্মসূচির মাধ্যমে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সভাপতি মামুন আহমেদ বলেন, “রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জরুরি চিকিৎসায় দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এটি সহায়ক হতে পারে। আমরা চাই, সবাই নিজের রক্তের গ্রুপ জানুক এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব বুঝে এগিয়ে আসুক। রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সবাইকে রক্তদানে উৎসাহিত করছি।”
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বাগেরহাটের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সভাপতি মামুন আহমেদের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মো. আল-আমীন সরদারের নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফুল, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারীবিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সাবিহা তুলি লামিয়া, প্রিয়া আক্তার ও নুশরাত আক্তার উপস্থিত ছিলেন।
এ ছাড়া নির্বাহী সদস্য তাছলিমা আক্তার, জেরিন, বৈশাখী, তৌফিকা, সিয়াম, নকীবুল ইসলাম অন্তর, আলিমুন আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য অংশ নেন।