বসুন্ধরা শুভসংঘের আয়োজন
ময়মনসিংহ আইডিয়াল কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম
ময়মনসিংহ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখা। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতে ময়মনসিংহ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখা। খেলায় ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ৪–১ গোলে পরাজিত করে জয়লাভ করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহের উমেদ আলী খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জোবায়ের হোসেন এবং কলেজের অধ্যক্ষ মুর্শিদা আক্তার মিশু।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করে।
বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছি।’
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মানসী সরকার, সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রভাষক মো. ফয়সাল আহম্মেদ, পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক এবিএম তোফায়েল ফেরদৌসসহ কলেজের অন্যান্য প্রভাষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
তাঁদের মধ্যে ছিলেন সহকারী শিক্ষক মো. নাহিদুল হক খান, এমদাদুল হক, পার্থ দেবনাথ, বুলবুল মাহমুদ, মো. আরাফাত হোসেন সোহাগ, রায়হানুর রহমান দীপ্ত, জেবিন আক্তার ও রাকিবুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা শতাব্দী বণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজাম উদ্দিন সৌরভ ও কিফায়াত আজাদ অর্পা, সাধারণ সম্পাদক তানভীর খান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক দিপ পাল, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদিসহ সংগঠনের অন্যান্য সদস্য।