EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

১০০ জন নারীকে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন উপহার

সেলাই মেশিনকে হাতিয়ার করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার সংকল্প

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম

সেলাই মেশিনকে হাতিয়ার করে জীবনযুদ্ধে জয়ী হওয়ার সংকল্প

ছবি: সংগৃহীত

অ অ

১২ বছর আগে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে চরম অভাব-অনটনের মাঝে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুমা। টানাপোড়েনের সংসারে ছেলের পড়াশোনা যখন বন্ধের উপক্রম, ঠিক তখনই তাঁর জীবনে আশার আলো নিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ।

তিন মাসের নিবিড় সেলাই প্রশিক্ষণ শেষে রুমার হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন সেলাই মেশিন। এটিই তাঁর ঘুরে দাঁড়ানোর ও আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্নের সিঁড়ি। তাঁর মতো এমন ১০০ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীর জীবন বদলাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

ময়মনসিংহের নান্দাইল ও গৌরীপুর এবং নেত্রকোনার বারহাট্টা, সদর ও দুর্গাপুর উপজেলার ২০ জন করে মোট ১০০ জন নারীকে তিন মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দক্ষতা অর্জনের পর তাঁদের প্রত্যেকের হাতে স্বাবলম্বী হওয়ার হাতিয়ার হিসেবে বসুন্ধরা গ্রুপের উপহারের সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

এই কর্মসূচির সর্বশেষ বিতরণ অনুষ্ঠানটি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন।

ইমদাদুল হক মিলন বলেন, ‘‘অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই মেশিন শুধু উপার্জনের মাধ্যম নয়, এটি সংসারে সচ্ছলতা এনে নারীদের পায়ের নিচের মাটি শক্ত করবে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘বসুন্ধরা গ্রুপের এই উপহার কাজে লাগিয়ে অতীতে অসংখ্য নারী সফল উদ্যোক্তা হয়েছেন। একটি মেশিন দিয়ে কাজ শুরু করে পরবর্তীতে আরও ১০টি মেশিন কিনেছেন। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন এবং সমাজে নিজেদের এক একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘শুধু উপকরণ বিতরণ নয়, নারীদের তিন মাস প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার পর তাঁদের হাতে মেশিন তুলে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর একটি পদক্ষেপ।’’

এই উপকরণ ব্যবহার করে উপকারভোগী নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্য নারীদেরও সমাজে এগিয়ে আসার প্রেরণা জোগাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জামাল তালুকদারের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং বসুন্ধরা শুভসংঘের সিনিয়র উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় প্রতিটি উপজেলার আয়োজনেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে বসুন্ধরা গ্রুপের এই মানবিক কল্যাণমুখী কাজের প্রতি একাত্মতা ও সাধুবাদ জানান।

আরও পড়ুন