খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী দিলো বসুন্ধরা শুভসংঘ
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
খুলনার গল্লামারি ঋষিপল্লিতে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: সংগৃহীত
খুলনার গল্লামারি ঋষিপল্লিতে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে খুলনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রয়োজনগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আটা, চিনি, ময়দা, ডাল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম আবু মুসা। এ সময় উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার দাস, বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে বিপুল রায় চৌধুরী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমাদের এ উদ্যোগ শুধু খাদ্যসামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে চাই। সমাজের প্রতিটি মানুষ যেন সহমর্মিতা ও সহযোগিতা পায়, সেটিই আমাদের লক্ষ্য।’
জি এম আবু মুসা বলেন, ‘মানুষের সেবায় আত্মনিয়োগ করার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখতে চাই। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার দাস এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। সংগঠনটির সদস্যরা জানান, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে মানুষের কল্যাণে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।