ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে বদলে গেল ঢাকা কলেজ ক্যাম্পাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: বসুন্ধরা শুভসংঘ
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা কলেজে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেন সংগঠনটির সদস্যরা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
‘নিজে পরিষ্কার থাকুন, ঢাকা কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বসুন্ধরা শুভসংঘের ঢাকা কলেজ শাখার সদস্যরা। তাঁরা দলবদ্ধভাবে ক্যাম্পাসের শ্রেণিকক্ষের বারান্দা, হল এলাকা, পুকুরপাড়, খেলার মাঠ, গাছের গোড়া ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারে কাজ করেন।
একই সঙ্গে বিভিন্ন স্থানে পানি জমে আছে কি না, তা পরীক্ষা করেন। যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে, সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন তাঁরা।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সংগঠনের সদস্যরা।
আয়োজকেরা বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর কর্মসূচি নয়; এর সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতার বিষয়টিও জড়িত। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখা এবং পানি জমে থাকা ডেঙ্গুর ঝুঁকি বাড়াতে পারে।
তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং অন্যদের সচেতন করা জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতাও। ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। সবাই মিলে এগিয়ে এলে আমাদের কলেজ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে।’
শাখাটির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বলেন, ‘এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ রক্ষার চেতনা জাগিয়ে তুলছে। পরিষ্কার ক্যাম্পাস মানেই ডেঙ্গুর ঝুঁকি কমাতে সম্মিলিত প্রচেষ্টা। বসুন্ধরা শুভসংঘ সব সময় ইতিবাচক সামাজিক পরিবর্তনের পক্ষে কাজ করে যাবে।’
কর্মসূচিতে ঢাকা কলেজ শাখার সহসভাপতি গগন ঘোষ, মো. শাকিল শোয়েব, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন ও মো. ইব্রাহিম, আখতারুজ্জামান রিফাত, সদস্য মো. আনোয়ার হোসেন, বরকত উল্লাহ, মো. মোবারক, মিঠুন, আল রদ্র, আশিক, ধ্রুব, সৌরভ সরকার, লিটন,নাহিদ পারভেজ, মো. শাকিল আজাদ, তানভীর হায়দার সাগর, আহসানুল হক রনি, অনন, মো. শিমুল, সি. এম. আফিফ আদিল, মো. সাব্বির, মো. মনির হাসান, নিশাত, তৌফিক জোবায়ের, মোহাম্মদ জুয়েল মিয়া, মো. আজমাঈন শাহ, তৌহিদ হাসান, আমান উল্লাহ আমান ও শুভাশিষ বিশ্বাস, মিঠু দাস, আল-আমিন, মুনতাসির আহমেদ, মো: নাজমুল, খোরশেদ সিয়াম হোসেন, রাব্বিসহ অনেকে অংশ নেন।
অভিযান শেষে অংশগ্রহণকারীরা নিজেদের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতার বিষয়ে সহপাঠীদের সচেতন করার অঙ্গীকার করেন। তাঁদের মতে, এক দিনের অভিযান দিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সবার সচেতন অংশগ্রহণ।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মনে করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অংশগ্রহণ জরুরি। ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে ঢাকা কলেজ ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব হবে।