EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের সেমিনার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের সেমিনার
অ অ

শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইন্টারনেট ব্যবহারে সতর্কতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাইবান্ধা সরকারি মহিলা কলেজে আয়োজিত এ সেমিনারে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক কে এম রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হক।

বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সেমিনারটি। সাইবার নিরাপত্তা, অনলাইন হয়রানি ও সাইবার বুলিংয়ের মতো বিষয় নিয়ে আলোচকের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরে শিক্ষার্থীরা।

এ সময় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চায়, সাইবার বুলিংয়ের শিকার হলে পুলিশের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাওয়া যাবে। মুখ্য আলোচক একে একে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি ও মুখ্য আলোচক মো. শরীফ আল রাজীব বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে জানা ও সচেতন হওয়া জরুরি। অসৎ উদ্দেশ্যে কেউ যেন তাদের ইন্টারনেট ও প্রযুক্তির অপব্যবহারে প্ররোচিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের সময়োপযোগী সেমিনার আয়োজনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

বিশেষ অতিথি কে এম রেজাউল হক বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এ সেমিনার সময়োপযোগী। ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সঠিক ধারণা না থাকলে শিক্ষার্থীরা যেকোনো সময় বিপদে পড়তে পারে, যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের সেমিনার আয়োজন জরুরি।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শামসুল হক বলেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। সচেতনতার অভাবে তারা যেকোনো সময় সাইবার অপরাধের শিকার হতে পারে। তাই আগে থেকেই সচেতনতা তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারে।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা হুমায়ুন আহম্মেদ বিপ্লব, ‎আহসান আজিম প্রধান নাঈম, ‎আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, ‎তৌহিদুল ইসলাম, ‎সোহানুর রহমান সোহান, ‎কাব্য, রাশমনি, আলভি এবং সদর উপজেলা শাখার ‎সামিউল বাসির, ‎সোহাগ ইসলাম, ‎আতিকুর রহমান, ‎সাগর খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন