গাইবান্ধায় ১০ অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
গাইবান্ধায় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
গাইবান্ধায় অসচ্ছল ও মেধাবী ১০ শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে জেলা শহরের রহমতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পড়াশোনার উপকরণের অভাবে যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা অংশ নেন। আলোচনা পর্বে সদস্যরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কেও জানানো হয়। আলোচনা শেষে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা গেছে বলে জানান আয়োজকেরা।
শাখার সভাপতি সামিউল বাসির বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের কারও কারও খাতা-কলম কেনার সামর্থ্য নেই। আবার প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে অনেক সময় পড়াশোনায় বিঘ্ন ঘটে। আমরা চাই, এসব শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে পড়াশোনায় আরও মনোযোগী হোক এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।’
সাধারণ সম্পাদক আশিদুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় শিশুদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে সংগঠনটির। এসব বিদ্যালয়ে শিশুরা বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়। এরই ধারাবাহিকতায় আজ গাইবান্ধা সদর উপজেলা শাখার পক্ষ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।’
বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার সুযোগ নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা জরুরি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোহাগ ইসলাম এবং সদস্য আতিকুর রহমান, আমিনুল ইসলাম, শাকিল মিয়া, সকাল আক্তার ও পিংকি বর্মণ।