EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুঁই-সুতায় স্বপ্ন বোনার হাতছানি, ২৪ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

সুঁই-সুতায় স্বপ্ন বোনার হাতছানি, ২৪ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ
অ অ

অভাবের সংসারে স্বস্তি ফেরানো, নিজের উপার্জনে পরিবারের পাশে দাঁড়ানো—এমন স্বপ্ন নিয়ে সেলাই প্রশিক্ষণ নিতে শুরু করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ২৪ নারী। তাদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (১২ অক্টোবর) বোদা উপজেলা সদরের হলপাড়ায় এ কর্মশালা শুরু হয়। এতে অসহায়, দরিদ্র, বিধবা নারী ও দরিদ্র স্কুলছাত্রীসহ পিছিয়ে পড়া নারীরা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। এর মাধ্যমে তারা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন বলে আশা করছেন আয়োজকেরা।

প্রশিক্ষণার্থী কনিকা রানী বলেন, সেলাইয়ের কাজ শিখে নিজের উপার্জনের ব্যবস্থা করতে চান তিনি। প্রশিক্ষণ শেষে মেশিন পেলে বাড়িতে বসেই কাজ করতে পারবেন। এতে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারের পাশেও দাঁড়াতে পারবেন।

আরেক প্রশিক্ষণার্থী সেতু আক্তার বলেন, ‘আমাদের মতো নারীদের জন্য এটি একটি ভালো সুযোগ। মনোযোগ দিয়ে সেলাইয়ের কাজ শিখতে চাই। পরে মেশিন পেলে কাজ করে আয় করতে পারব। এতে সংসারের খরচ চালাতেও কিছুটা সহযোগিতা করতে পারব বলে আশা করছি।’

বসুন্ধরা শুভসংঘ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সুমন ইসলাম বলেন, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। তারা যেন শেখা কাজকে আয়ের উৎস হিসেবে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।

বোদা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম বলেন, নারীদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তারা একটি কাজ শিখবেন, যা ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানের পথ তৈরি করবে। নিজেদের আয়ের মাধ্যমে তাঁরা পরিবারেও অবদান রাখতে পারবেন।

আরও পড়ুন