দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু
ডেইলি সান ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। উপজেলার ২৬ জন অসহায় দরিদ্র, বিধবা নারী ও দরিদ্র স্কুলছাত্রীসহ পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ উপজেলা সদরের ইকরা মডেল মাদরাসায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সেলাইয়ের কাজ শেখানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যাতে তাঁরা ভবিষ্যতে নিজেরাই উপার্জনের পথ তৈরি করতে পারেন।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে।
আয়োজকেরা জানান, অনেক অসহায় নারী আর্থিক সংকটের কারণে পরিবারে বোঝা হয়ে থাকার আশঙ্কায় দিন কাটান। আবার অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ শেখা ও প্রয়োজনীয় উপকরণের অভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ হয় না। এসব নারীর দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রশিক্ষণার্থী মিনি আক্তার বলেন, এটা আমার জন্য একটা দারুন সুযোগ। আমি মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।
আরেক প্রশিক্ষণার্থী সুলতানা পারভীন সীমা বলেন, কাজ শিখে সেলাই মেশিন পেলে আমরা বাড়িতে বসেই কাজ করতে পারবেন। এতে নিজেদের আয় করার পাশাপাশি পরিবারের খরচ মেটাতেও সহযোগিতা করতে পারবেন বলে জানান তিনি।
বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জের সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে তারা ঘরে বসেই কাজ করে আয় করতে পারবেন। এর মাধ্যমে নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।
ইকরা মডেল মাদরাসার পরিচালক শেখ ফরিদ বলেন, নারীদের দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা কাজ শিখবেন, যা ভবিষ্যতে তাঁদের জীবিকার পথ তৈরি করতে সহায়তা করবে।