ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ফরিদপুরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নারী প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত
নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ফরিদপুর সদরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বসুন্ধরা শুভসংঘ। এই উদ্যোগের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জন করে নিজেরা আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারবেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদরে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ২০ নারী তিন মাসব্যাপী সম্পূর্ণ বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে ১০০ জন নারীকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ তিন মাস। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নারীদের বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
বক্তারা বলেন, নারীরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের জীবনমানের উন্নয়ন হলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রগতিতেও নারীদের অবদান অনস্বীকার্য। তাই নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা ও কোষাধ্যক্ষ তিহান আহমেদ ও সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রশিক্ষক সীমা সাহাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রশিক্ষণার্থীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, বিনা মূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে কাজ শুরু করা সহজ হবে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজেরা আয় করতে চান। পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও অবদান রাখতে চান।
বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ একসঙ্গে পেলে নারীরা নিজেদের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে পাবেন। এতে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি পরিবারেও ইতিবাচক পরিবর্তন আসবে।