জাবির নবনিযুক্ত উপাচার্যকে বসুন্ধরা শুভসংঘের শুভেচ্ছা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা শুভসংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো উপাচার্যের কাছে তুলে ধরেন। জবাবে সংগঠনের প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
সৌজন্য সাক্ষাৎকালে বসুন্ধরা শুভসংঘের জাবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমসহ সংগঠনের শাখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলোর মধ্যে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা থাকা উচিত। এতে সংগঠনগুলো আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে। পাশাপাশি এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। বসুন্ধরা শুভসংঘ যেভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।