EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

তেঁতুলিয়ার পর্যটন উন্নয়নে সাত প্রস্তাব বসুন্ধরা শুভসংঘের

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

তেঁতুলিয়ার পর্যটন উন্নয়নে সাত প্রস্তাব বসুন্ধরা শুভসংঘের

তেঁতুলিয়ায় পর্যটন উন্নয়ন নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা। ছবি: সংগৃহীত

অ অ

হিমালয়কন্যাখ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও সুযোগ-সুবিধা বাড়াতে সাতটি নতুন প্রস্তাব তুলে ধরেছে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা।

বুধবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সুধীজনেরা এসব প্রস্তাব দেন। সভায় পর্যটনশিল্পের বিকাশে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

সংগঠনের তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় তরুণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ছাত্রদলের উপজেলা সদস্যসচিব মো. আবু বক্কর সিদ্দিক সবুজ, মো. তহিদুল হক এবং কাঠের বাড়ি গেস্ট হাউসের স্বত্বাধিকারী মো. উজ্জ্বলসহ অনেকে।

কাঞ্চনজঙ্ঘা দর্শন, সমতল ভূমির বিস্তীর্ণ চা-বাগান, পাথরশিল্প ও চৌরাস্তার শতবর্ষী তেঁতুলগাছ তেঁতুলিয়ার বড় আকর্ষণ। তবে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আলোচকেরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত বছর উপজেলা প্রশাসনের কাছে ১২টি প্রস্তাব দেওয়া হয়েছিল, যার ছয়টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এবারের প্রস্তাবগুলো হলো: পিকনিক কর্নারের ব্রেস্টফিডিং রুমের নামফলক স্থাপন, চৌরাস্তার যত্রতত্র দোকান নির্দিষ্ট স্থানে সরানো, তেঁতুলগাছের নিচে পার্কিং বন্ধে সতর্কতামূলক সাইনবোর্ড, ট্যুরিস্ট পুলিশের যোগাযোগ নম্বরসংবলিত সাইনবোর্ড, চৌরাস্তায় মানসম্মত শৌচাগার নির্মাণ, পিকনিক কর্নার ও ডাকবাংলোয় পার্কিং জোন চালু এবং রাতে চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশের নিয়মিত অভিযান।

বক্তারা বলেন, পর্যটকদের নিরাপদ যাতায়াত, পরিচ্ছন্ন পরিবেশ, নারী ও পরিবারবান্ধব সুবিধা এবং সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনা সমান গুরুত্বপূর্ণ। প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম লিটন, সহসভাপতি সারোয়ার সোহাগ ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ নিয়ন। তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুন