পীরগঞ্জে প্রতিমা কারিগরদের পাশে বসুন্ধরা শুভসংঘ, গামছা বিতরণ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
পীরগঞ্জে প্রতিমা কারিগরদের হাতে গামছা তুলে দিচ্ছেন শুভসংঘের সদস্যরা। ছবি: সংগৃহীত
পূজার উৎসবকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাঁদের সম্মান ও উৎসাহ জানাতে মঙ্গলবার (৬ অক্টোবর) ১৫ জন প্রতিমা কারিগরের হাতে গামছা তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সংগঠনের পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের শ্রী শ্রী শিববাড়ি দুর্গামণ্ডপ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
পূজার কয়েক সপ্তাহ আগে থেকেই মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন কারিগরেরা। তাঁদের নিপুণ হাতের কারুকাজে মাটির কাঠামোতে ধীরে ধীরে ফুটে ওঠে দেবীর অবয়ব। ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের উৎসাহিত করতেই শুভসংঘ এ উদ্যোগ নিয়েছে।
গামছা পেয়ে প্রতিমা কারিগর ধনদেব রায় বলেন, ‘প্রতিমা তৈরির সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য নতুন গামছার প্রয়োজন হয়। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা গামছা উপহার দেওয়ায় আমরা উপকৃত হয়েছি। তাঁদের আন্তরিক ধন্যবাদ।’
শ্রী শ্রী শিববাড়ি দুর্গামণ্ডপের সাধারণ সম্পাদক শিমুল সৌরভ বলেন, ‘আগের তুলনায় এখন দক্ষ প্রতিমা কারিগর পাওয়া কঠিন হয়ে পড়েছে। প্রযুক্তির বিকাশের সঙ্গে এই ঐতিহ্যবাহী পেশাটিও বিলুপ্তির পথে। তাই এ শিল্পের সঙ্গে জড়িতদের পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়া প্রয়োজন।’
বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন বলেন, ‘মৃৎশিল্পীরা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার এই সময়ে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে তাঁদের উৎসাহিত করা প্রয়োজন। সম্মান ও উৎসাহ দেওয়ার ছোট্ট প্রয়াস হিসেবেই এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সম্প্রীতি শুধু কথায় নয়, পারস্পরিক সহযোগিতা, সম্মান ও সহমর্মিতার মধ্য দিয়েই আরও শক্তিশালী হয়।’