টাঙ্গাইলে কিশোর গ্যাং প্রতিরোধে শুভসংঘের সচেতনতামূলক সভা
ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
কিশোর অপরাধ ও গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, কিশোর বয়স মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবেশ পেলে একজন কিশোর ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু অসৎ সঙ্গ, মাদক ও অপরাধপ্রবণতার কারণে অনেক কিশোর বিপথে যাচ্ছে।
তাঁরা বলেন, শুধু আইন প্রয়োগ করে কিশোর অপরাধ ও গ্যাং কালচার স্থায়ীভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। মাদক ও গ্যাং কালচার থেকে দূরে থেকে ইতিবাচক চিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চার পরামর্শ দেন শুভসংঘের উদ্যোক্তারা।
হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ও জিহাদুল মোমেন জুলহাস।
স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেবুব ইসলাম রুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা রানা আহমেদ। এ সময় মোহাম্মদ আলী আক্কাস, হেলাল আহমেদ ও অমিত আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীরা কিশোর অপরাধ ও গ্যাং কালচারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার অঙ্গীকার করেন।