EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

ভাঙ্গায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু

ছবি: ভাঙ্গা মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। সংগৃহীত

অ অ

অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (২ অক্টোবর) ভাঙ্গা মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় ২০ জন নারীকে তিন মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।

আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল অনেক নারীর কাজ করার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপকরণ ও সুযোগের অভাবে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে পারেন না। পরিবারের নানা দায়িত্বের কারণে অনেক নারীর পক্ষে দূরে গিয়ে চাকরি বা অন্য কোনো কর্মসংস্থানে যুক্ত হওয়াও সম্ভব হয় না।

এমন বাস্তবতায় সেলাইয়ের মতো ব্যবহারিক ও আয়মুখী কাজের প্রশিক্ষণ নারীদের ঘরে বসে আয়ের সুযোগ তৈরি করতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভাঙ্গায় সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে সেলাইয়ের বিভিন্ন কাজ শেখানোর পাশাপাশি প্রশিক্ষণ শেষে তারা যাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক মিঞা মো. এনায়েত হোসেন, উপজেলা শাখার সভাপতি গোলাম মোরশেদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. লিমন শেখ, প্রশিক্ষক বীণা এবং সংগঠনের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের শুধু আর্থিক সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে একজন নারীকে কর্মদক্ষ করে তুলতে পারলে তিনি নিজের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে একটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ একজন নারীর জন্য দীর্ঘমেয়াদি আয়ের পথ তৈরি করতে পারে।

তারা বলেন, প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজের বাড়িতে বসেই পোশাক তৈরি, কাপড় মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এর মাধ্যমে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতেও তারা ভূমিকা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কেউ কেউ ভবিষ্যতে অন্য নারীদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি করতে পারেন। এতে একজনের দক্ষতা থেকে ধীরে ধীরে আরও অনেক নারী কর্মদক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতারা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা বসুন্ধরা শুভসংঘের অন্যতম লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতার পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার কার্যক্রমও গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে প্রয়োজনভিত্তিক এমন উদ্যোগ আরও বিস্তৃত করা হলে সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে মন্তব্য করে স্থানীয় সংশ্লিষ্টরা বলেন, নারীদের প্রশিক্ষণের আওতায় এনে কর্মমুখী করে তুলতে পারলে এর সুফল শুধু প্রশিক্ষণার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; পরিবার ও সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে অস্বচ্ছল পরিবারের নারীরা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারলে পরিবারের আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়া এবং আন্তরিকতার সঙ্গে কাজ শেখার আহ্বান জানানো হয়। নিজেদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উৎসাহিত করার আহ্বান জানান আয়োজকেরা।

আরও পড়ুন