ঘোড়াঘাটে শুভসংঘের আয়োজনে সাবেক খেলোয়াড়দের ফুটবল ম্যাচ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
ঘোড়াঘাটের তালতলা মাঠে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাবেক খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ।
দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখা। উপজেলার তালতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় বেলতলী সোনালী অতীত ও তালতলা সোনালী অতীত দল।
খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়ানো, সাবেক খেলোয়াড়দের সম্মান জানানো এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
দুই দলের হয়ে মাঠে নামেন এলাকার একসময়ের নন্দিত ও জনপ্রিয় অনেক ফুটবলার। দীর্ঘদিন পর তাঁদের মাঠে দেখে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। খেলা দেখতে মাঠে হাজির হন বিভিন্ন বয়সী দর্শক। একসময় যাঁদের খেলা দেখতে দর্শকেরা মাঠে ভিড় করতেন, তাঁদের আবার ফুটবল নিয়ে নামতে দেখে অনেকে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক সাহেব আলী, সারোয়ার হোসেন, শফিকুল ইসলাম কাজি, হায়দার আলী, আদিবাসী মণ্ডল রুতিন, দাউদ ভাইরো ও রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ফুটবল মানুষের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। সাবেক খেলোয়াড়দের নিয়ে এমন আয়োজন তাঁদের অবদান স্মরণ করার পাশাপাশি বর্তমান প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে। মাঠমুখী সংস্কৃতি গড়তে নিয়মিত ক্রীড়া আয়োজন দরকার বলেও তাঁরা মনে করেন।
খেলায় অংশ নেওয়া সাবেক খেলোয়াড়েরা দীর্ঘদিন পর সতীর্থ ও পরিচিতদের সঙ্গে একই মাঠে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের সামনে স্থানীয় ক্রীড়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
অতিথি ও স্থানীয়রা এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে তরুণদের যুক্ত করা সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক। সাবেক খেলোয়াড়দের সম্মান জানানোর এ আয়োজনের জন্য তাঁরা বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান বলেন, সাবেক খেলোয়াড়দের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে নতুন প্রজন্মের একটি সুন্দর সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও ঘোড়াঘাটে খেলাধুলাসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান তিনি।
আয়োজন সফল করতে দায়িত্ব পালন করেন শাখার সাধারণ সম্পাদক কাওসার হাবিব, নারী বিষয়ক সম্পাদক স্ট্রেলা হাজদা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরেন, অর্থ সম্পাদক সোহাগ আহাম্মেদ ও ইভেন্ট সম্পাদক টমাস আলফাসহ অন্য সদস্যরা।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় যুক্ত করা, সাবেক খেলোয়াড়দের সম্মান জানানো ও সামাজিক সম্প্রীতি বাড়াতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।