EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

প্রবীণদের সম্মানে বান্দরবানে বসুন্ধরা শুভসংঘের সহমর্মিতার আয়োজন

ডেইলি সান রিপোর্ট, বান্দরবান

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

প্রবীণদের সম্মানে বান্দরবানে বসুন্ধরা শুভসংঘের সহমর্মিতার আয়োজন
অ অ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বান্দরবানের কুহালং ইউনিয়নের থোয়াইগ্য পাড়ায় ১০ জন প্রবীণের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ প্রবীণকে আগরবাতি, মোমবাতি, বিস্কুট, মোজা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা শুধু পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য নন; তারা সমাজের অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের ধারক। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। বিশেষ করে পাহাড়ি ও আদিবাসী সমাজে ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতি, লোকজ জ্ঞান ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে প্রবীণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে সমাজ ও জীবনযাপনে পরিবর্তন এলেও প্রবীণদের অবদানকে অবহেলা করা উচিত নয়। তাদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। একই সঙ্গে নতুন প্রজন্মকে প্রবীণদের কাছ থেকে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও জীবন-অভিজ্ঞতা জানার সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পার্বত্য অঞ্চল সমন্বয়ক উয়ই সিং মার্মা। সভাপতিত্ব করেন কুহালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার অংসাহ্লা মার্মা।

উয়ই সিং মার্মা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের জীবনের অভিজ্ঞতা ও মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণদের পাশে দাঁড়ানো মানবিকতার পাশাপাশি সামাজিক ও নৈতিক দায়িত্ব।

অংসাহ্লা মার্মা বলেন, প্রবীণদের প্রয়োজন ও সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে। তাদের সামাজিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে।

বসুন্ধরা শুভসংঘ বান্দরবান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হুরাইন জান্নাত ইলমা বলেন, তরুণ প্রজন্মকে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের কাছ থেকে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও জীবন-অভিজ্ঞতা জানার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সদস্য সুইটি তঞ্চঙ্গ্যা, মেসিং মার্মা, হাইমে মার্মা, ম্যানন চাকমা ও ডেলনিউ মার্মাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে থোয়াইগ্য পাড়ার ১০ জন প্রবীণের হাতে সহায়তা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও পাশে থাকার এই উদ্যোগ পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা আরও দৃঢ় করার বার্তা দেয়।

আরও পড়ুন