ধর্মপাশায় শিক্ষার্থীদের নিয়ে শুভসংঘের সচেতনতা সভা
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশায় মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ, অনলাইন প্রতারণাসহ বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাইক্রোপ্লাস্টিকে রূপ নেয়, যা পানি, মাটি ও খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তাই প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি যেখানে-সেখানে এসব বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোরীরা নানা সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী বা পরিচিত কেউ বাল্যবিবাহের ঝুঁকিতে থাকলে দ্রুত শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
অনলাইন নিরাপত্তা নিয়েও শিক্ষার্থীদের সতর্ক করেন বক্তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ওটিপি বা আর্থিক তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে লোভনীয় অফার, ভুয়া লিংক ও পরিচিতজনের নামে আসা সন্দেহজনক বার্তায় সাড়া দেওয়ার আগে যাচাই করে নিতে বলা হয়।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে বক্তারা সেগুলোর উত্তর দেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, জনস্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সহপাঠীদের সচেতন করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ধর্মপাশা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মালেক খাঁন, সভাপতি সেলিম আহম্মেদ, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম নাজমুল হক ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।