EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

শিবচরে নজরুলের ‘মানুষ’ কবিতা নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

ডেইলি সান রিপোর্ট, মাদারীপুর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

শিবচরে নজরুলের ‘মানুষ’ কবিতা নিয়ে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র
অ অ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। এতে মানবতাবোধ, সাম্য, সামাজিক বৈষম্য ও মানুষের প্রতি মানুষের দায়িত্ব নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চবিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের শিবচর উপজেলা শাখার উদ্যোগে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

পাঠচক্রে নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘মানুষ’ কবিতার বিষয়বস্তু ও অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নজরুলের মানবতাবাদী চিন্তা, সামাজিক বৈষম্য ও অসংগতির বিরুদ্ধে তাঁর অবস্থান এবং মানুষের মর্যাদা ও অধিকারের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় বক্তারা বলেন, ‘মানুষ’ কবিতায় মানবিকতা, সাম্য, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা রয়েছে। ধর্ম, বর্ণ, শ্রেণি ও সামাজিক পরিচয়ের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে আহ্বান নজরুল জানিয়েছেন, তা বর্তমান সমাজেও প্রাসঙ্গিক। পাঠচক্রে শিক্ষার্থীরা কবিতাটির বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পাঠচক্রের মাধ্যমে তারা বই পড়ার পাশাপাশি নিজেদের চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞান ও মননের বিকাশে ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইন বলেন, বই মানুষের চিন্তাকে আলোকিত করে এবং ইতিবাচক পরিবর্তনে সহায়তা করে। তরুণদের মধ্যে পাঠাভ্যাস ও মুক্তচিন্তার পরিবেশ তৈরিতে নিয়মিত পাঠচক্রের আয়োজন গুরুত্বপূর্ণ।

পাঠচক্রে আলোচনায় অংশগ্রহণ ও পাঠ বিশ্লেষণের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠ পাঠক’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে ছয়টি বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুর্লভ চন্দ্র পাল, সহকারী শিক্ষক মতিউর রহমান, জসিম উদ্দিন, শিরিনা আক্তার ও রুমা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, মো. আলমগীরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন