কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা
বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, বাংলাদেশ ও সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশ নেন। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সেখানে প্রাণবন্ত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীল কাজ ও সামাজিক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ও কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বলেন, কুইজের মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে বলে মনে করেন তিনি। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই সংগঠনের হাত ধরে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাক।
আমন্ত্রিত অতিথি ও সমাজসেবক সেলিম সরকার বলেন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ও সমসাময়িক বিষয়ে জ্ঞানচর্চা শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়ায়। তাঁর মতে, কুইজ শুধু বিনোদন নয়, এটি জানার আগ্রহ বাড়ায় এবং নিজের জ্ঞান যাচাইয়ের সুযোগ দেয়। ভবিষ্যৎ পথচলায় এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার সভাপতি সজীব সরকার, সহ-সভাপতি খুশবু হাসান রনি, সাধারণ সম্পাদক আবু রাশেদ, সাংগঠনিক সম্পাদক আজিজা নাহান ইন্নি, সহ-সম্পাদক সুজানা আক্তার, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক সিদরাতুল এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক আনিকা তাবাসসুম জিনিয়া। এ ছাড়া সদস্য খাতিজাতুল কুবরা, আশিক রানা, মেহেদী হাসান, মাহামুদুল হাসান, তিষান, মাহামুদা আক্তার মিষ্টি, সোনিয়া, মাহামুদুল, হাবিব, রাফিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।