বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
চাকরিনির্ভর মানসিকতাই বাড়াচ্ছে তরুণ বেকারত্ব
সরকারি চাকরির প্রতি অতিরিক্ত ঝোঁকই তরুণ বেকারত্বের বড় কারণ, বলছেন বক্তারা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরুণ বেকারত্ব নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা।
তরুণদের বেকারত্বের অন্যতম কারণ চাকরিনির্ভর মানসিকতা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সেমিনার কক্ষে ‘তরুণ সমাজের বেকারত্ব: কারণ, সামাজিক প্রভাব ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
তিনি বলেন, সরকারি চাকরিকে একমাত্র নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মজীবন হিসেবে দেখার প্রবণতা পরিবর্তন করা প্রয়োজন। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘ প্রস্তুতি, সীমিত পদসংখ্যা ও তীব্র প্রতিযোগিতার কারণে অনেক তরুণ বছরের পর বছর অপেক্ষা করেন।
ড. মুর্শিদা ফেরদৌস বলেন, বেসরকারি চাকরিকে তুলনামূলক কম মর্যাদার পেশা হিসেবে দেখার সামাজিক মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে হবে। নতুন উদ্যোগ শুধু উদ্যোক্তার নিজের কর্মসংস্থানই তৈরি করে না, অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
শিক্ষিত তরুণদের ঝুঁকি নেওয়া, উদ্ভাবনী চিন্তা করা এবং উদ্যোক্তা হওয়ার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনায় সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তাফহীমুল ইসলাম বলেন, বর্তমান শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারাও তরুণ বেকারত্বের একটি গুরুত্বপূর্ণ কারণ। শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা পাওয়া যায় না। এর পাশাপাশি বাজারমুখী ও আধুনিক দক্ষতা অর্জন জরুরি।
তিনি বলেন, সরকারি চাকরিতে সীমিত সুযোগের বিপরীতে বিপুলসংখ্যক তরুণ প্রতিযোগিতা করছেন। তাই একই ধরনের ক্যারিয়ার প্রত্যাশা থেকে তরুণদের বেরিয়ে আসতে হবে। প্রযুক্তি, যোগাযোগ, ইংরেজি ভাষা, ডেটা বিশ্লেষণ ও ডিজিটাল মার্কেটিংসহ সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাজীবন থেকেই বাস্তবমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করা সম্ভব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলফাজ উদ্দিন টনিক বলেন, তরুণ সমাজের বেকারত্ব বর্তমানে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে তরুণদের নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, উদ্যোক্তা হওয়া, আধুনিক দক্ষতা অর্জন এবং বেসরকারি কর্মক্ষেত্রকে ইতিবাচকভাবে গ্রহণের মানসিকতা তৈরি করা জরুরি। তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা থেকেই বাস্তবসম্মত সমাধানের পথ তৈরি হতে পারে। তরুণদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ মিয়া। এতে সংগঠনের বিভিন্ন পদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।