পুরোনো বইয়ের বিনিময়ে গাছের চারা, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
অপ্রয়োজনীয় ও পুরোনো বই জমিয়ে না রেখে তার বিনিময়ে মিলছে গাছের চারা। পুরোনো বইয়ের পুনর্ব্যবহার এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের কাছ থেকে অপ্রয়োজনীয় পুরোনো বই ও পাঠ্যপুস্তক সংগ্রহ করা হয়। এর বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা তাদের আর প্রয়োজন নেই—এমন বই বসুন্ধরা শুভসংঘের কার্যালয় অথবা কলেজের লাইব্রেরিতে জমা দিতে পারবেন। সংগৃহীত বইয়ের বিনিময়ে তাদের চারা দেওয়া হবে। পরে এসব চারা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা উপযুক্ত স্থানে রোপণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
আয়োজকদের মতে, একটি বইয়ের প্রয়োজন ফুরিয়ে গেলেও সেটি অন্যভাবে কাজে লাগানো সম্ভব। পুরোনো বই সংগ্রহের মাধ্যমে পুনর্ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে চারাগাছ রোপণের মাধ্যমে বাড়ছে সবুজ। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরির সুযোগও তৈরি হচ্ছে।
কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের পুরোনো বইয়ের যথাযথ ব্যবহার, বৃক্ষরোপণ এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ‘একটি পুরোনো বই হয়তো আর কারও প্রয়োজন নেই, কিন্তু সেই বইয়ের বিনিময়ে রোপিত একটি চারা আগামী দিনে অসংখ্য মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও সবুজের আশ্রয় হয়ে উঠতে পারে। আমি বিশ্বাস করি, বই এবং বৃক্ষ—দুটোই মানুষের পরম বন্ধু।’
তিনি বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি বইয়ের বিনিময়ে একটি গাছ—এই ধারণা পরিবেশ রক্ষার বার্তাটি শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায়, সহসভাপতি প্রদীপা রাণী, আসাদুল্লাহ আসিফ, প্রতাপ চন্দ্র রায় ও শাহরিয়ার কবির; যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, খাদিজা আক্তার, মেহেদী হাসান ও সোয়াবুর রহমান; সদস্য আবু তাহের ইমন ও মাহমুদ হাসান।
এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আতিকুর ইসলাম আতিক ও সৌরভ কর্মকার, অর্থ সম্পাদক বর্ণালী মির্জা বন্যা, নারী বিষয়ক সম্পাদক রুবিয়া আক্তার রিমু, সহ-ইভেন্ট সম্পাদক পূজা রায়, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অঞ্জলি, সহপ্রচার সম্পাদক অপূর্ব রায়, সহক্রীড়া সম্পাদক সেলিম আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোনাইম হাসান নিয়ন, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক মল্লিকা কামাল মিতু এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
আয়োজকেরা আশা করছেন, পুরোনো বইয়ের বিনিময়ে চারা দেওয়ার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, পুনর্ব্যবহার ও পরিবেশ সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ কর্মসূচিতে যুক্ত হয়ে বইয়ের বিনিময়ে পাওয়া চারাগাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে আরও সবুজ করে তুলবেন—এমন প্রত্যাশা তাদের।