গংগাচড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, পেন্সিল ও রাবার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল।
এ সময় তিনি বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কোমলমতি শিশুরাই আমাদের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। এই শিক্ষা উপকরণ শিশুদের পড়াশোনায় আরও উৎসাহিত ও মনোযোগী করবে বলে আমরা বিশ্বাস করি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সহসভাপতি আবু শামস মো. আরমানুল হক, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, সমাজকল্যাণ সম্পাদক রবি দাশসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
শিক্ষা উপকরণ পেয়ে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়।