হালুয়াঘাটে শুভসংঘ স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
হালুয়াঘাটের উত্তর মনিকুড়া বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন করছেন ইমদাদুল হক মিলন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর মনিকুড়া বসুন্ধরা শুভসংঘ স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের পড়াশোনার খোঁজখবর নেন। নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, “বই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।” তাঁর ভাষায়, পাঠাগার কেবল বই রাখার স্থান নয়। এটি নতুন প্রজন্মের চিন্তা, মেধা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। অভিভাবকদেরও সন্তানদের বইমুখী করতে সহযোগিতার অনুরোধ করেন।
মিলন আরও বলেন, শিক্ষিত, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই। প্রযুক্তির এই যুগেও বই পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। কারণ, বই মানুষকে আলোকিত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
-6aafb78b73fc3.jpg)
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তুলতে ধারাবাহিকভাবে পাঠাগার স্থাপন ও নানা শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উত্তর মনিকুড়া স্কুলের নতুন পাঠাগারও সেই উদ্যোগের অংশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, হালুয়াঘাট মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতান আহমেদ, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি আবুল খায়ের, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু
এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন, হালুয়াঘাট উপজেলা শুভসংঘের সভাপতি জিহাদুজ্জামান শিহাব, সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী, সহ-সভাপতি শাহ আলম জীবন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান সাদমান ও ফাহিম ইসলাম শুভ এবং কার্যকরী সদস্য রুবেল মিয়া, শাকাআত হোসেন, কামরুজ্জামান খান ও ওয়াকিল আহমেদ। সংগঠনের অন্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য পাঠাগারটি উন্মুক্ত করা হয়। অতিথিরা পাঠাগারে রাখা বিভিন্ন বই ঘুরে দেখেন। তাঁরা পাঠাগারের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা পাঠাগার প্রতিষ্ঠাকে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন।