বাবাকে হারিয়ে অনিশ্চয়তায় ইসমাইল, পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
পাবনায় পিতৃহীন শিক্ষার্থী ইসমাইল শেখের হাতে খাদ্য ও শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
দিনমজুর বাবার হঠাৎ মৃত্যুতে চরম অনিশ্চয়তায় পড়েছে পাবনার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসমাইল শেখ ও তার মা রত্না খাতুন। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার যুগিপাড়া মহল্লায় ইসমাইলের বাড়িতে গিয়ে এক মাসের খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। একই সঙ্গে দেওয়া হয় খাতা, কলম, নোটবুক ও স্কুল ব্যাগ।
পাবনা সদর উপজেলার আলিয়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসমাইল। তার শ্রেণি রোল নম্বর ২। গত ১১ সেপ্টেম্বর স্ট্রোকজনিত কারণে মারা যান তার বাবা বাবুল শেখ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে মা ও ছেলে এখন এক কক্ষের ঘরে অনিশ্চিত দিন কাটাচ্ছেন।
সহায়তা পেয়ে ইসমাইলের মা রত্না খাতুন বলেন, ‘স্বামীকে হারিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছি। ছেলেকে নিয়ে কীভাবে সংসার চালাব, কীভাবে তার পড়াশোনা চালিয়ে যাব—কিছুই বুঝতে পারছিলাম না। এই বিপদের সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। খাবার ও ছেলের পড়াশোনার সামগ্রী দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর সাহা বলেন, ‘ইসমাইল একজন মেধাবী শিক্ষার্থী। হঠাৎ বাবাকে হারিয়ে তার পরিবার চরম সংকটে পড়েছে। অর্থের অভাবে কোনো শিশুর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেটিই আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও ইসমাইলের মতো অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা থাকবে।’
সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ সরদার, সহ-সভাপতি কেএম হাসান হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আলিয়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিরা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।