পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে জকিগঞ্জে শুভসংঘের আলোচনা সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
সিলেটের জকিগঞ্জে শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।
পড়ালেখায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে সচেতন করার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জকিগঞ্জের মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত, সময়ের অপচয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে শিক্ষা, জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ বিজনেস গ্রুপ (ইউএইউ)-এর চেয়ারম্যান জাহেদ আহমদ ফারহান। বক্তব্য দেন মো. নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সারওয়ার হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন দত্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রিফাত জাহান। পরে সংগীত পরিবেশন করেন সৌদ আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা ফখর উদ্দিন।
নেজাম উদ্দিন বলেন, বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলায় আরও বিশেষ কিছু কার্যক্রম হাতে নিক। তিনি বলেন, দক্ষ ও আত্মবিশ্বাসী শিক্ষার্থী গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাও জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদ আহমদ ফারহান বলেন, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের মেধা, সময় ও সৃজনশীলতাকে সঠিক পথে কাজে লাগানো প্রয়োজন। শিক্ষা কার্যক্রমে যারা পিছিয়ে আছে, তাদের এগিয়ে নিতে শিক্ষকদের পাশাপাশি সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বলেও মত দেন তিনি।
সভাপতির বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুর রহমান বলেন, মোবাইল ও ডিজিটাল প্রযুক্তি বর্তমান সময়ে শিক্ষা, তথ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, স্বাভাবিক জীবনযাপন ও সামাজিক যোগাযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনায় পিছিয়ে পড়ছে বলে জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিবিমুখ না করে প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার শেখাতে হবে। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সময়ের সীমা নির্ধারণের পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়া, খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও সামাজিক কাজে যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা সহযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
আলোচনা সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ এবং নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।