লালমনিরহাটে এক হাজার গাছের চারা বিতরণ বসুন্ধরার
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
লালমনিরহাটে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে লালমনিরহাটে ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ১ হাজার গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা ও শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সুইটি ও প্রচার সম্পাদক মাহাবুব।
এ ছাড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব, শেখ শফি উদ্দিন কমার্স কলেজ শাখার সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সুমাইয়া ও প্রচার সম্পাদক বাঁধনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যেসব সংগঠনের প্রতিনিধিদের হাতে চারা তুলে দেওয়া হয়, তাদের মধ্যে রয়েছে ফুলগাছ ফেডারেশন স্পোর্টিং ক্লাব, বর্ণিল তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন, হিলফুল ফুজুল মানবিক সংগঠন, তারুণ্যের আলো সামাজিক সংগঠন, সবুজ সেবা ফাউন্ডেশন, ইয়ুথনেট গ্লোবাল (লালমনিরহাট জেলা টিম), রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন, ইসা ট্রাস্ট এবং বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু চারা বিতরণ করলেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য পূরণ হবে না। গাছগুলো সঠিকভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিতে হবে। সামাজিক সংগঠনগুলো নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তাঁরা।
উপদেষ্টা অধ্যক্ষ এন্তাজুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু একজন মানুষের জন্য নয়, পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সম্পদ। তিনি বলেন, সংগঠনগুলোর হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাঁরা চান প্রতিটি সংগঠন নিজ নিজ এলাকায় আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করুক এবং রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করুক।
জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা। আমরা শুধু নিজেরা গাছ লাগাতে চাই না, বরং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে পুরো জেলায় একটি সবুজ আন্দোলন গড়ে তুলতে চাই। আজকের ১ হাজার চারা বিতরণ সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।
তিনি আরও বলেন, যে সংগঠনগুলো চারা গ্রহণ করেছে, তারা নিজ নিজ এলাকায় এগুলো রোপণ ও পরিচর্যা করবে এটাই আমাদের প্রত্যাশা।
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, লালমনিরহাটের বিভিন্ন প্রান্তে সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। একটি সংগঠনের হাতে শুধু চারা নয়, একটি দায়িত্বও তুলে দেওয়া হচ্ছে। গাছগুলো বড় হওয়া পর্যন্ত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করব।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও লালমনিরহাটের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।