রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করে যুক্তিনির্ভর চিন্তা, মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গণিত অলিম্পিয়াড, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘের রূপগঞ্জ থানা শাখা এই আয়োজন করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রূপগঞ্জের মীর বাগিচা ইন্টারন্যাশনাল স্কুলে এই অনুষ্ঠান হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অলিম্পিয়াডে শিক্ষার্থীরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের মেধা ও যুক্তি প্রয়োগের সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনটি হয় বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায়। রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমান এতে নেতৃত্ব দেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, গণিত শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় নয়। দৈনন্দিন জীবন, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরিতেও গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গণিতের প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তির বিকাশে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। প্রতিযোগিতা, যুক্তিচর্চা ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, গণিত অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে।
সভাপতি মো. আহসানুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিত ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর বাগিচা ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষিকা জাকিয়া আক্তার, সহকারী শিক্ষক সবুর ও সহকারী শিক্ষক নুরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, সহকারী সাধারণ সম্পাদক লিনা, ধর্মবিষয়ক সম্পাদক ওয়াহিদ, শিশু ও নারী কল্যাণবিষয়ক সম্পাদক সাগরিকাসহ শাখার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।