EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ভালুকায় বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

ভালুকায় বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা
অ অ

শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও জ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে ময়মনসিংহের ভালুকায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এতে নবজাগরণ ক্যাডেট স্কুলের ৪৮ শিক্ষার্থী অংশ নেয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবজাগরণ ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী তানহা, প্রভাতী, তামজিদ, বায়েজিদ, সারা ও সামারার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার সভাপতি ও ভালুকা সরকারি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম সুবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক আফজাল ফাহিম খান এজাজ।

আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপি ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন, বসুন্ধরা শুভসংঘ ভালুকার প্রধান উপদেষ্টা ও ভালুকা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিউর রহমান খান মোহন, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির এবং নবজাগরণ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন।

বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন বলেন, শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ঘিরে যে আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে, তা তাদের জ্ঞানচর্চা ও অনুসন্ধিৎসু মন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা, আলোচনা ও সিম্পোজিয়ামের আয়োজন শিক্ষার্থীদের শেখার প্রতি আরও আগ্রহী করে তুলবে। মেধা বিকাশে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। তিনি কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

অধ্যাপক মতিউর রহমান খান মোহন বলেন, বসুন্ধরা শুভসংঘের এ কুইজ প্রতিযোগিতা শিশুদের জ্ঞান, মেধা ও আত্মবিশ্বাস বিকাশের একটি সুন্দর উদ্যোগ। জীবনে শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞানার্জনের মাধ্যমে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হয়ে ওঠাই মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার পাশাপাশি তা পূরণের জন্য নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রম করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম সুবিন বলেন, কুইজ প্রতিযোগিতা শিশুদের মেধা, জ্ঞান ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হওয়াই জীবনের বড় অর্জন। প্রত্যেক শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালক আফজাল ফাহিম খান এজাজ বলেন, কুইজ প্রতিযোগিতা জ্ঞান অর্জন ও মেধা বিকাশের একটি চমৎকার মাধ্যম। এর মাধ্যমে সাধারণ জ্ঞান, চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটে। প্রতিযোগিতার পাশাপাশি অন্যের মতামতকে সম্মান করা এবং দলবদ্ধভাবে কাজ করার শিক্ষাও পাওয়া যায়। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘ ভালুকা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, নবজাগরণ ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা দিপা, নূরী ও মমতাজ, শুভসংঘের ক্রীড়া সম্পাদক বিজয় সাহা, ইভেন্ট সম্পাদক ফারজানা আক্তার মিলা, কার্যকরী সদস্য সিফাত পাঠান, আরিফ মোহাম্মদ উদয়, আহাদ হাসান, শাহিন ও মামুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের অনুসন্ধিৎসু মন, সৃজনশীল চিন্তা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে।

আরও পড়ুন