EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচি

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রায় ৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচি
অ অ

‘সবুজে ভরে উঠুক দেশ, নির্মল হোক আগামীর প্রতিটি নিশ্বাস’—এই প্রত্যয় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রায় ৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। দারুণ উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান ও পুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আহসান হাবিব।

উদ্বোধনী বক্তব্যে ডা. মো. আহসান হাবিব বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সুন্দর একটি আয়োজন বৃক্ষ বিতরণ কর্মসূচি। ভবিষ্যতে এমন আরও ভালো ভালো কাজ করার প্রত্যাশা করি। সবুজে সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ।’

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো উদ্যোগ শুধু এক দিনের কর্মসূচি নয়; বরং পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের অংশ। একটি চারা আজ ছোট হলেও সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে তা ছায়া, ফল ও অক্সিজেনসহ মানুষের জন্য নানা উপকার বয়ে আনবে।

বৃক্ষ বিতরণ কর্মসূচির বিষয়ে বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদয় বলেন, ‘বৃক্ষদান আমাদের মনের আনন্দের পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করারও একটি উপায়। গাছ আমাদের নিঃস্বার্থভাবে অন্যের উপকার করার শিক্ষা দেয়। সেই লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি।’

শাখার সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, ‘বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। আমাদের চারপাশকে সবুজ করে তুলতেই বসুন্ধরা শুভসংঘের এই বৃক্ষ বিতরণ কর্মসূচি।’

কর্মসূচিতে সংগঠনের সদস্যরা হাবিপ্রবি-সংলগ্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। চারা গ্রহণকারীদের উপযুক্ত স্থানে গাছ রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হাবিপ্রবি শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদয়, সহ-সভাপতি তন্ময় দাস ও নাহিদ রানা, সাধারণ সম্পাদক ইমরান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল ও নাফিস, দপ্তর সম্পাদক সিরাজউদ্দোলা, নারী বিষয়ক সম্পাদক ঈশিতা ইসলাম, ইভেন্ট সম্পাদক আপন মাহমুদ রিফাত, প্রচার সম্পাদক আওয়াল আহমেদ সাগর, সহ-প্রচার সম্পাদক রামচরণ, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক তাজ ইমতিয়াজ পৃথিল, সহকর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ধীমান চন্দ্র রায়, সহ-নারী বিষয়ক সম্পাদক দীপালি রাণী, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আসিফ, সমাজকল্যাণ সম্পাদক আখি এবং কার্যকরী সদস্য সাথী রানী, তিথী, নুসরাত জাহান, জান্নাতুল ফেরদৌসি, নাফিস, ওয়াকিল, উদয়সহ সংগঠনের অন্যান্য সদস্য।

আরও পড়ুন