জিপিএ-৫ পাওয়ায় লালমাইয়ে ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
দাখিলে জিপিএ-৫ পাওয়ায় কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের তিন সদস্যকে দেওয়া হয় সংবর্ধনা।
দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় কুমিল্লার লালমাইয়ে তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংবর্ধনা পাওয়া তিনজন হলেন সানজিদা ইসলাম, মাইমুনা ইয়াসমিন ও সামিয়া আক্তার।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগমারা উত্তর বাজারের আল ইসরা মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসকে ফ্যাশনের চেয়ারম্যান ও সুরুজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শহিদুল ইসলাম এবং আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির।
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মাওলানা মোজাম্মেল ইবনে মুসলিম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী এবং সদস্য আবদুর রহিম ও মো. ইব্রাহিম।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী মাইমুনা ইয়াসমিন বলেন, গত এক বছর ধরে সাধারণ সদস্য হিসেবে শুভসংঘের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। দাখিলে জিপিএ-৫ পাওয়ায় সংগঠন আমাদের সংবর্ধনা ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মানিত করেছে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি দন্ত সেবা, নারী শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য সেবা, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, হাম সচেতনতায় সেমিনার ও এতিমদের সাথে ইফতারসহ অর্ধশতাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। আশা করি আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় কর্মসূচি রাখবেন।
এ বছর আল ইসরা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন শুভসংঘের তিন সদস্যসহ মোট ১৬ জন শিক্ষার্থী। তাঁদের সবাই পাস করেছেন। এর মধ্যে ৩ জন জিপিএ-৫ ও ১০ জন জিপিএ-৪ পেয়েছেন। শুভসংঘের সদস্য সানজিদা ইসলাম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। তিনি ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১০০ নম্বর পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছেন।