সবুজবাগে তরুণদের সাইবার নিরাপত্তা কর্মশালা
নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সবুজবাগে তরুণদের সচেতন করতে কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
সবুজবাগে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক কর্মশালায় বক্তারা।
তরুণদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করতে রাজধানীর সবুজবাগে ‘সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সবুজবাগ এলাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের গুরুত্ব, সন্দেহজনক লিংক ও মেসেজ চেনার উপায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি এবং অনলাইন প্রতারণা থেকে বাঁচার কৌশল নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, তরুণদের প্রযুক্তি থেকে দূরে রাখা কোনো সমাধান নয়। বরং প্রযুক্তি নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জ্ঞান দেওয়া প্রয়োজন। একটি ভুল ক্লিক বা অসতর্কভাবে শেয়ার করা তথ্য বড় বিপদের কারণ হতে পারে। তাই নিজে সচেতন থাকার পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও সচেতন করতে হবে।
-6a92b4b02c017.jpg)
বক্তারা আরও বলেন, সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর দায়িত্ব। অপরিচিত ব্যক্তির অনুরোধ গ্রহণ, সন্দেহজনক লিংকে প্রবেশ, অপরিচিত কাউকে ওটিপি বা পাসওয়ার্ড দেওয়া এবং যাচাই ছাড়া তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং সবুজবাগ থানা শাখার সভাপতি ইয়াছিন মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মিলটন বলেন, বর্তমান প্রজন্মের কাছে ইন্টারনেট শিক্ষা, যোগাযোগ ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে সচেতনতা ছাড়া এই প্রযুক্তিই বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাও দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী পাসওয়ার্ড বা সন্দেহজনক লিংকে ক্লিক না করার সিদ্ধান্ত একজন মানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। তাই সাইবার সচেতনতা প্রতিটি পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক যুগ্ম সচিব মনোয়ার হোসেন তৌফিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ আবু তাহের, সিরাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, পারভীন আক্তার ও জাহানারা বেগমসহ সবুজবাগের সম্মানিত ব্যক্তিবর্গ। তারা তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষা, দক্ষতা অর্জন ও ইতিবাচক কাজে ব্যবহারের আহ্বান জানান।
কর্মশালায় ব্যক্তিগত তথ্য ও ছবি নিরাপদ রাখা, শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, ওটিপি-পিন-পাসওয়ার্ড শেয়ার না করা, সন্দেহজনক লিংক-ইমেইল শনাক্ত করা, অনলাইন প্রতারণা ও ফিশিং থেকে সতর্কতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যাচাই ছাড়া তথ্য শেয়ার না করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সাইবার নিরাপত্তাও এখন দৈনন্দিন জীবনের অংশ। তাই এই সচেতনতা শুধু কর্মশালায় সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। অংশগ্রহণকারীরা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।