লালমনিরহাটে ৫ হাজার গাছের চারা রোপণ করবে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
লালমনিরহাটে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ক্লাইমেট নেটওয়ার্কের সহযোগিতায় প্রাপ্ত এসব চারা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপযুক্ত স্থানগুলোতে রোপণ করা হবে।
সম্প্রতি লালমনিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে যুব কল্যাণ নারী উন্নয়ন সংস্থা বিজ্ঞান ও পাঠাগার এবং সুইটি মাশরুম সেন্টারের প্রতিষ্ঠাতা সেলিনা বেগম সুইটি বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার নেতৃবৃন্দের হাতে চারাগুলো তুলে দেন। এ সময় শুভসংঘের জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান চারাগুলো গ্রহণ করেন।
চারা হস্তান্তরকালে সেলিনা বেগম সুইটি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রকৃতি ও মানুষের জীবনে বিভিন্ন ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে হলে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গাছ বায়ু বিশুদ্ধ রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তি, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বসুন্ধরা শুভসংঘের সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
চারা গ্রহণ শেষে বসুন্ধরা শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পরিবেশ রক্ষায় এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে শুভসংঘকে সম্পৃক্ত করায় ধন্যবাদ। এই ৫ হাজার চারা লালমনিরহাটের সবুজায়নে বিশেষ অবদান রাখবে। পরিবেশ ও মানুষের কল্যাণে আমরা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে চাই।’
শুভসংঘের জেলা সভাপতি মো. জামাল হোসেন বলেন, ‘প্রাপ্ত চারাগুলো জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপযুক্ত স্থানে রোপণ ও বিতরণ করা হবে। এর মাধ্যমে সবুজ আচ্ছাদন বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। শুধু চারা রোপণই নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও আমরা নিশ্চিত করব।’