স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ বসুন্ধরা শুভসংঘের
পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সহনশীল জলবায়ু ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে লালমনিরহাটে তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করা এবং নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩০০ তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সভাপতি মো. জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান।
আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল হাকিম ও মো. মজিবুর রহমান এবং উত্তর বাংলা কলেজ শাখার উপদেষ্টা মোছা. নাজমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বসুন্ধরা শুভসংঘ উত্তর বাংলা কলেজ শাখার প্রধান উপদেষ্টা হাসান আহম্মেদ।
প্রধান অতিথি মো. রোকন উদ্দিন বাবুল বলেন, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্য যেমন আকর্ষণীয়, তেমনি তাদের সামাজিক কার্যক্রমও অতুলনীয়। দেশের যে-কোনো সংকটে সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে দাঁড়ায়। শুভসংঘের মাধ্যমে সামাজিক কার্যক্রম আরও গতিশীল হোক এবং মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ আরও নিবেদিত হোক। তিনি সবুজায়নে বসুন্ধরা শুভসংঘের সাফল্য কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে গাছের চারা বিতরণের এ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। বিতরণ করা চারাগুলো শুধু রোপণ করলেই হবে না, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও জলবায়ু সহনশীল লালমনিরহাট গড়ে তোলা সম্ভব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে বিতরণ করা চারাগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও উপযুক্ত স্থানে রোপণ করবেন। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও তারা সক্রিয় থাকবেন।