নাটোরে ৩৫০ শিক্ষার্থীর মাঝে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
ডেইলি সান রিপোর্ট, নাটোর
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
‘সবুজে সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে নাটোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে মঙ্গলবার নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ৩৫০ শিক্ষার্থীর মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের এ বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশ রক্ষায় অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সুস্থ ও সুন্দর আগামী গড়তে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দলমত নির্বিশেষে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম রাব্বানী, কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা রেজাউল করিম রেজা, দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আহমদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা প্রমুখ।