ঢাবিতে শুরু হলো বসুন্ধরা শুভসংঘের স্পোকেন ইংলিশ কর্মশালা
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে ইংরেজিতে সাবলীল করে তুলতেই এ আয়োজন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ সক্ষমতা উন্নয়ন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে তিন মাসব্যাপী স্পোকেন ইংলিশ কর্মশালা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। তিন মাসব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতার পাশাপাশি স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন ও কনফিডেন্স বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত অনুশীলন, পারস্পরিক যোগাযোগ ও বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ওয়ান একাডেমির ডিরেক্টর মো. হীরা সরকার।
প্রশিক্ষক মো. হীরা সরকার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের স্পোকেন ইংলিশ কর্মশালার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আমাদের মূল লক্ষ্য শুধু ইংরেজি শেখানো নয়, বরং শিক্ষার্থীদের কথা বলার ভয় ও সংকোচ দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভাবনা প্রকাশের সক্ষমতা তৈরি করা।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত প্রাকটিস ও বাস্তব জীবনের কমিউনিকেশন এর মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখা সবচেয়ে কার্যকর। তাই কর্মশালায় গ্রামার ও ভোকাবুলারি এর পাশাপাশি স্পিকিং, প্রেজেন্টেশন এবং কনফিডেন্স এর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
কর্মশালায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ‘ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক সময় জ্ঞান থাকার পরও আত্মবিশ্বাসের অভাবে আমরা নিজেদের প্রকাশ করতে পারি না। এই ওয়ার্কশপে নিয়মিত কথা বলা ও অনুশীলনের সুযোগ পাচ্ছি। আশা করছি, কর্মশালাটি আমাদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘এটি শুধু একটি ইংরেজি শেখার কোর্স নয়; বরং নিজের কথা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করার একটি সুযোগ। প্রশিক্ষকের গাইডলাইন ও সহপাঠীদের সঙ্গে নিয়মিত ইন্টার্যাকশনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি।’
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল মোমিন বলেন, ‘তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন একটি সময়োপযোগী উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণরা শুধু সার্টিফিকেট অর্জন করবে না, বরং নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের নেতৃত্বে এগিয়ে আসবে। বসুন্ধরা শুভসংঘ তরুণদের শিক্ষা, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা জানান, ‘তিন মাসব্যাপী এ কর্মশালায় ধারাবাহিকভাবে বিভিন্ন সেশন, অনুশীলন ও ইন্টার্যাকটিভ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার পাশাপাশি উপস্থাপনা, জনসম্মুখে বক্তব্য প্রদান এবং পেশাগত যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।’
বসুন্ধরা শুভসংঘ সদস্যদের প্রত্যাশা, ‘এই কর্মশালার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও নেতৃত্বের ক্ষেত্রে নিজেদের আরও দক্ষভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।’
তরুণদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তাদের মতে, সময়োপযোগী এ ধরনের প্রশিক্ষণ তরুণদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।