শুভ কাজের প্রত্যয়ে সমাজ বদলের স্বপ্নে এগিয়ে যেতে চান শুভসংঘের বন্ধুরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
নিজেদের মেধা, শ্রম ও মানবিকতাকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বসুন্ধরা শুভসংঘের সাভার উপজেলা শাখার প্রস্তাবিত নতুন কমিটির সদস্যরা। তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাভার উপজেলা শাখার প্রস্তাবিত নতুন কমিটির সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাতে সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সাভার উপজেলা শাখার সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করতে চান তারা। শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তরুণদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
পাশাপাশি পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেও উদ্যোগ নিতে চান তারা।
ইমদাদুল হক মিলন বলেন, ‘সামাজিক কাজে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশে অনন্য ভূমিকা পালন করেছে। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বন্ধুরা মানুষের জন্য কাজ করছেন। মানুষের পাশে দাঁড়ানো এবং ভালো কাজের সঙ্গে তরুণদের যুক্ত করাই আমাদের বড় শক্তি।’
সাভার উপজেলা শাখার কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘সাভারের বন্ধুরা যে আগ্রহ ও উদ্যম নিয়ে কাজ করতে চান, তা অত্যন্ত আশাব্যঞ্জক। ভালো কাজ কখনো ছোট হয় না। মানুষের উপকারে আসে—এমন প্রতিটি উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করে যেতে হবে।’
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সবচেয়ে বড় শক্তি হলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আমাদের তরুণ বন্ধুরা।
সাভার উপজেলা শাখার নতুন কমিটির সদস্যদের মধ্যেও আমরা সেই উদ্যম দেখতে পাচ্ছি। আমরা চাই, তারা শুধু সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন না; বরং নিজেদের এলাকার মানুষের প্রয়োজন বুঝে নতুন নতুন সামাজিক উদ্যোগ গ্রহণ করবেন।’
তিনি আরো বলেন, ‘সাভার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। এখানে তরুণদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা ও সচেতনতা তৈরির মতো কার্যক্রমের মাধ্যমে সাভার উপজেলা শাখা একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে।’
সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের সঙ্গে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়াকে আমরা গর্বের বিষয় মনে করি। আমাদের এলাকায় যেসব সামাজিক সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ধীরে ধীরে কার্যকর উদ্যোগ নিতে চাই। বিশেষ করে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কাজে যুক্ত করার ওপর আমরা গুরুত্ব দেব।’
শাখার সভাপতি হাবিবুর রহমান বলেন, ‘শুভ কাজের প্রত্যয় নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের প্রত্যেক সদস্যের মধ্যে মানুষের জন্য কিছু করার আগ্রহ রয়েছে। এই আগ্রহকে সংগঠিত শক্তিতে রূপ দিয়ে সাভারের মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।’
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির উপদেষ্টা মো. আবুল হোসেন, সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মো. আলমগীর খান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন মিতু, নারী বিষয়ক সম্পাদক আয়শা আক্তার নুপুর, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক মোসা. ইফফাত মেরি, সদস্য মো. আমির হামজা অঙ্গনসহ অন্য সদস্যরা।
সাক্ষাতে সাভার উপজেলা শাখার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সদস্যরা জানান, শুধু কর্মসূচি আয়োজন নয়, মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি ও কার্যকর সামাজিক উদ্যোগ নিতে চান তারা। মানবিকতা, দায়িত্ববোধ ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সাভারে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরো বিস্তৃত করাই তাদের লক্ষ্য।