হরিরামপুরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সচেতনতা সভা
বক্তারা পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠান-তরুণদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
হরিরামপুরের ঝিটকা বাজারে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় শিক্ষার্থী ও অতিথিরা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুরে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের সম্মিলিত ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ঝিটকা বাজারে বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সজিব গুহ মজুমদার। সঞ্চালনায় ছিলেন শাখার সাধারণ সম্পাদক সায়েম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমল রাজবংশী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
প্রধান আলোচক শিক্ষক কমল রাজবংশী বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এটি মানুষের বিবেক, চিন্তাশক্তি ও আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই নিজেদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়েম খান বলেন, ‘মাদক কোনো মানুষকে একদিনে ধ্বংস করে না। এটি ধীরে ধীরে তার চরিত্র, মূল্যবোধ, স্বপ্ন ও ভবিষ্যৎকে গ্রাস করে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার, বন্ধু ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক তরুণ মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তাই নিজেকে মাদকমুক্ত রাখা এবং অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব।’
সভাপতির বক্তব্যে সজিব গুহ মজুমদার বলেন, ‘যে শিক্ষার্থী আজ পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখবে, আগামী দিনে সে-ই দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। আর যে মাদকের পথে পা বাড়াবে, সে নিজের সবচেয়ে বড় শত্রু নিজেই হয়ে উঠবে। আমরা সবাই যদি নিজেরা মাদকমুক্ত থাকি এবং পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করি, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী জনসচেতনতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও মাদককে ‘না’ বলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।