তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
ডেইলি সান রিপোর্ট, ভোলা
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
তরুণদের মানবিক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন উপজেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্তকরণ’ শীর্ষক এ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার উপদেষ্টা মো. মনিরুজ্জামান কবির, মো. শাহাবুদ্দিন বাচ্চু, মো. জাকারিয়া আজম ও মোরশেদ জাহান চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তরুণদের নেতৃত্ব, দায়িত্ববোধ, সহমর্মিতা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপদেষ্টা মো. মনিরুজ্জামান কবির বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি তরুণ সমাজ। তাদের শক্তি, উদ্যম ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে কাজে লাগাতে পারলে সমাজে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।
মো. শাহাবুদ্দিন বাচ্চু বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় ও অনলাইন অপরাধের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।
নবগঠিত কমিটির উদ্দেশে মো. জাকারিয়া আজম বলেন, সংগঠনের সাফল্য নির্ভর করে সদস্যদের আন্তরিকতা, ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের ওপর। সমাজের কল্যাণে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
মোরশেদ জাহান চৌধুরী বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে হবে।
বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান বলেন, সংগঠনের আদর্শ ধারণ করে উপজেলায় আরও বেশি তরুণকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করা হবে।
সাধারণ সম্পাদক সাগর চন্দ্র রায় বলেন, তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।