EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের দুর্নীতি ও মাদকবিরোধী ক্যাম্পেইন

তরুণদের সচেতন করে সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে পাবনার সুজানগরে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

সুজানগরে বসুন্ধরা শুভসংঘের দুর্নীতি ও মাদকবিরোধী ক্যাম্পেইন

পাবনার সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুর্নীতি ও মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি: সংগৃহীত

অ অ

পাবনার সুজানগরে দুর্নীতি ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। একটি নৈতিক, সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে শনিবার (২৫ জুলাই) সুজানগর উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা গেট সংলগ্ন আল সাফুরা রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় শিক্ষক, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পোস্টমাস্টার মো. আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রোজ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম রোজ বলেন, ‘দুর্নীতি ও মাদক একটি জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তরুণদের নৈতিক মূল্যবোধ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।’

বিশেষ আলোচনায় ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবুল কালাম আজাদ দুর্নীতি ও মাদকের ভয়াবহ কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একইভাবে দুর্নীতি রাষ্ট্রীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের পথে বড় বাধা। তাই এসব অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিয়াকত আলী লিটন শিক্ষকদের দায়িত্ব ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দিতে পারলে ভবিষ্যতে তারা দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকবে এবং একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দুর্নীতি ও মাদক সমাজের সবচেয়ে বড় দুটি অভিশাপ। এই দুই সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজানগর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কাজেম আলী বিশ্বাস, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী হাবিবুর রহমান রব, আব্দুল গনি, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, জহিরুল ইসলাম লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইনের একপর্যায়ে উপস্থিত সবাই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। তারা প্রতিজ্ঞা করেন— ‘দুর্নীতি করব না, কাউকে করতে দেব না; ধূমপান করব না; মাদককে ‘না’ বলব; প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব এবং সমাজের কল্যাণে সবসময় পাশে থাকব।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

আয়োজকরা জানান, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী মানবিক, শিক্ষামূলক ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সুজানগরে এই দুর্নীতি ও মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন