EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সুন্দরগঞ্জে ২০ নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন, নতুন স্বপ্ন দেখছেন মাসুমারা

অভাবের কারণে থমকে যাওয়া উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ না হলেও সেলাই মেশিন হাতে পেয়ে নতুন করে স্বাবলম্বী হওয়ার আশা দেখছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের মাসুমা আক্তারসহ ২০ নারী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

সুন্দরগঞ্জে ২০ নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন, নতুন স্বপ্ন দেখছেন মাসুমারা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন বসুন্ধরা শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন। ছবি: সংগৃহীত

অ অ

ছোটবেলা থেকেই দারিদ্র্য ছিল মাসুমা আক্তারের নিত্যসঙ্গী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক অজপাড়াগাঁয়ের এই মেয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্নের পথ থেমে যায় অভাবের কাছে। ভ্যানচালক বাবার সীমিত আয়ে উচ্চশিক্ষার খরচ চালানো সম্ভব না হওয়ায় পরিবার তাকে গ্রামের এক স্কুলশিক্ষকের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পরও অভাব পিছু ছাড়েনি মাসুমার।

হতাশার মধ্যেই আশার আলো হয়ে আসে গোবিন্দগঞ্জে চালু হওয়া একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। তিন মাসের প্রশিক্ষণ নিয়ে সেলাই কাজে দক্ষ হয়ে ওঠেন তিনি। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি সেলাই মেশিন।

মাসুমা বলেন, ‘পড়াশোনা শেষ করে কিছু একটা করার স্বপ্ন ছিল। কিন্তু অভাবের কারণে তা সম্ভব হয়নি। আজ সেলাই মেশিন পেয়ে মনে হচ্ছে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবো। নিজের আয় দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চাই।’ 

শুক্রবার (২৫ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জের সরোবর পার্কে এক অনুষ্ঠানে অসচ্ছল ২০ নারীর হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেওয়া হয়। কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সঞ্চালনায় এবং সুন্দরগঞ্জ উপজেলা শুভসংঘের উপদেষ্টা মো. আরেফিন আজিজ সরদার সিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘সেলাই মেশিন একজন নারীর আত্মনির্ভরশীল হওয়ার একটি কার্যকর হাতিয়ার। আমরা আশা করি, এই মেশিনগুলো কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবেন। একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চাই। আজ রোপণ করা একটি চারাই আগামী দিনে ছায়া, ফল ও বিশুদ্ধ বাতাসের উৎস হবে।’

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, স্বপ্নময় সোনারায় সভাপতি মিজানুর রহমান মিজান।

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, ‘একটি সেলাই মেশিন হয়ত সব সমস্যার সমাধান নয়, তবে এটি আত্মনির্ভরশীলতার পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সেলাই কাজের চাহিদা সবসময়ই রয়েছে। তাই এই দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিজেদের পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন।’

সুন্দরগঞ্জ উপজেলা শুভসংঘের উপদেষ্টা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি কীভাবে মানুষের উপকার করা যায়, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ। আমরা চাই সুবিধাভোগীরা এই সেলাই মেশিন শুধু ঘরে রেখে না দিয়ে আয়ের কাজে ব্যবহার করুন এবং স্বাবলম্বী হয়ে উঠুন। একই সঙ্গে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আরও উদ্যোগ গ্রহণ করা হোক— এটাই আমার প্রত্যাশা।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন আহম্মেদ বিপ্লব, শুভসংঘের সদস্য আহসানিয়া তাসনিম, সুমাইয়া আক্তার, জান্নাতুল আক্তার, ছামিউল বাসির, আশিদুল ইসলাম, সোহানুর রহমান, আহসান আজিম প্রধান ও তৌহিদুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য নুর আলম মিয়া নুর, আমিনুল ইসলাম আকাশ, শাহিন মিয়া, মো. আরমান মিয়া, এস এইচ আসাদ সরকার, শহীদুর রহমান সুমন, আল-মামুন, মঈনুল ইসলাম, রওশন আলী, জুয়েল রানা, তনয় কুমার পল্লব ও বৃষ্টি সরকার।

আরও পড়ুন