ভোলায় বসুন্ধরা টিস্যু-শুভসংঘের গাছের চারা বিতরণ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ভোলা
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: ডেইলি সান
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে ভোলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ।
বুধবার (৮ জুলাই) দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় দ্বীপজেলা ভোলার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া। বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক হৃদয় দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির, দপ্তর সম্পাদক নুর ফাতেমা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. তোতা মিয়া বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব, নিরাপদ পানির সংকট এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। এর মাধ্যমে দেশব্যাপী সবুজায়ন আরও জোরদার হবে।
সভাপতির বক্তব্যে মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার ভিত্তিও তৈরি করে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা হচ্ছে।
চারা গ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, পাওয়া চারাগুলো নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় রোপণ করবেন এবং নিয়মিত পরিচর্যা করবেন।