ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ শনাক্ত
চলনবিল অঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: বসুন্ধরা শুভসংঘ
পাবনার ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের রক্তের গ্রুপ শনাক্ত করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ভাব) ভাঙ্গুড়া কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করে বসুন্ধরা শুভসংঘ।
শুভসংঘ সদস্যরা জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় অন্যতম বৃহৎ। চলনবিল অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র ও স্বাস্থ্য সচেতনতায় পিছিয়ে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্তের উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবায় সহযোগিতা করারও পরিকল্পনা রয়েছে শুভসংঘের।
উপজেলা শুভসংঘের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকার মাইলস্টোন বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ শনাক্ত না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। মূলত সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রত্যেক মানুষেরই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে নিশ্চিত ধারণা থাকা দরকার। জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকলে রক্ত সংগ্রহে অনেক সুবিধা হয়। তাই এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ।’
ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক লিটন আহমেদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এলাকায় সুনাম অর্জন করেছে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
